নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় জামাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে হেলমেটধারী দুর্বৃত্তরা। এতে তিনি পায়ে ও রানে গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামাল উদ্দিন স্থানীয় মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জামাল উদ্দিন অতীতে প্রবাসে ছিলেন এবং কয়েক বছর আগে নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেছিলেন। শনিবার রাতে তিনি বাড়ির পাশের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরিহিত দুই দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে দোকানের সামনে দাঁড়ায় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পা ও রানে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তার বাম পা ও রানে বুলেটের জখম রয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।


























