পরিবেশ সুরক্ষায় চট্টগ্রাম জেলাজুড়ে একদিনে ১ লাখ বৃক্ষরোপণের এক বিশেষ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আগামী ২৭ অক্টোবর জেলার ১৬টি উপজেলায় একযোগে এই ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেবল চারা রোপণই নয়, সেগুলো বাঁচিয়ে রাখতে অতিরিক্ত ১০ থেকে ২০ হাজার চারা প্রস্তুত রাখা হচ্ছে, যাতে দুর্বল বা ক্ষতিগ্রস্ত চারাগুলো তাৎক্ষণিকভাবে প্রতিস্থাপন করা যায়।
এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। নির্ধারিত দিনে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। দিনব্যাপী বৃক্ষরোপণ শেষে বিকেলে ডিসি পার্কে এক লাখতম চারাটি রোপণ করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে চট্টগ্রাম সদর সার্কেল ভূমি অফিসে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চারা তুলে দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অগ্রাধিকার কর্মসূচির আওতায় চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রত্যয়ে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সন্দ্বীপে নারকেলগাছসহ পরিবেশবান্ধব বৃক্ষ রোপণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও দপ্তর একযোগে কাজ করছে।























