সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সুনামগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বোর্ডের প্রকাশিত ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান ও তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
পাস শূন্য দুই প্রতিষ্ঠান হলো— সুনামগঞ্জের দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল মতলিব হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক হাই স্কুল অ্যান্ড কলেজ।
বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ। এর মধ্যে দুটি সুনামগঞ্জ জেলার এবং একটি হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠান।
পরিসংখ্যান অনুযায়ী, দিরাইয়ের আলহাজ্ব আব্দুল মতলিব হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। অন্যদিকে, দোয়ারাবাজারের মিতালী পাবলিক হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১ জন পরীক্ষার্থীর মধ্যে কেউই পাসের মুখ দেখেনি।
এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন জানান, সুনামগঞ্জের কিছু এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় শিক্ষার্থীরা হয়তো নিয়মিত ক্লাসে যাতায়াত করতে পারেনি। এছাড়া পরীক্ষা চলাকালীন ও তার আগের বন্যা পরিস্থিতিও পরীক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

























