ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ রোধে এডিস মশার লার্ভা ধ্বংস এবং মশক নিধনে বিশেষ অভিযান (ক্রাশ প্রোগ্রাম) শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
বুধবার সকালে নগরীর ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনের পর তিনি নিজে ফগার মেশিন হাতে নিয়ে মশক নিধনে অংশ নেন এবং মাঠপর্যায়ের কর্মীদের তৎপর হতে নির্দেশ দেন। এ সময় নগরীর প্রতিটি অলিগলিতে আন্তরিকতার সঙ্গে ওষুধ ছিটানো ও লার্ভা ধ্বংসের তাগিদ দেন তিনি।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত যে কোনো রোগ নিয়ন্ত্রণে সিটি করপোরেশন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সম্প্রতি সিলেটে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জনস্বার্থে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে এ পর্যন্ত শনাক্ত হওয়া রোগীরা বাইরে থেকে সংক্রমিত হয়ে এলেও পুরো নগরীকে ঝুঁকিমুক্ত রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, নগরীর ৪২টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এই অভিযান চালানো হবে। প্রথম ধাপে ১০টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে এবং সিসিকের স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগ যৌথভাবে এটি বাস্তবায়ন করছে। মশক নিধনের জন্য পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী এক মাসের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
অভিযানের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়াতে বিভিন্ন মসজিদ, মার্কেট ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে জানিয়ে সিসিক প্রশাসক নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

























