রাঙ্গামাটির সাজেকে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ ও উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের সুবিধার্থে চলমান সড়ক অবরোধ ১৩ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামী রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে।
ভিডিও বার্তায় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ে সাজেক এলাকায় পণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য যান চলাচল স্বাভাবিক থাকবে। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি পুনরায় অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাজেকে চলমান অস্থিরতা নিরসন ও পাঁচ দফা দাবিতে আন্দোলনকারী দুই সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। দীর্ঘদিনের এই অবরোধের ফলে সাজেকের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রা ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।


























