মস্তিষ্কে টিউমার ধরা পড়া, দুই দফা অস্ত্রোপচার এবং কেমোথেরাপির দীর্ঘ ধকল কাটিয়ে অবশেষে চেনা আঙিনায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জীবনের কঠিন এক সংকটময় অধ্যায় পেরিয়ে প্রায় নয় মাস পর আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের ভুবনে পা রাখলেন তিনি।
সম্প্রতি ‘অংশীদার’ নামের একটি নাটকের শুটিং সম্পন্ন করার মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন এই অভিনেত্রী। ইকসান রনি পরিচালিত নাটকটি শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘ বিরতি কাটিয়ে প্রিয় অভিনেত্রীর কর্মক্ষেত্রে ফেরার খবরে তাঁর ভক্ত ও শোবিজ অঙ্গনের সহকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য পরীক্ষায় তানিয়ার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে প্রথমে ঢাকার একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও কেমোথেরাপি নিতে হয়েছে।
এর আগে গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিবরণ দিয়েছিলেন তানিয়া বৃষ্টি। সে সময় তিনি জানিয়েছিলেন, নিয়মিত কেমোথেরাপি চলার মধ্যেও তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন। একই সঙ্গে শুটিং সেট ও কর্মজগৎকে তীব্রভাবে মিস করার কথা জানিয়ে দ্রুত অভিনয়ে ফেরার আকুতি প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শোবিজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তানিয়া বৃষ্টি। এরপর থেকে নাটক ও টেলিছবিতে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তিনি।
























