জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিমানমন্ত্রী সাংবাদিকদের জানান, ফ্লাইটটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা রয়েছেন। উড়োজাহাজের ত্রুটি পুরোপুরি সারিয়ে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পরই যাত্রা শুরু করার নির্দেশনা দেওয়া হয়। তিনি আশা প্রকাশ করেন, ফ্লাইটটি নির্বিঘ্নে ঢাকায় অবতরণ করবে।
জানা গেছে, নারিতা বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইট বিজি ৩৭৭-এর উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট ক্যাপ্টেন ইমামুল সফটওয়্যার সিস্টেমে জটিলতার বিষয়টি জানান এবং যাত্রা স্থগিত করে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেন। এরপর প্রধানমন্ত্রী ও সাধারণ যাত্রীরা বিমান থেকে নেমে বিমানবন্দরের লাউঞ্জে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন।
প্রকৌশলীরা দীর্ঘ প্রচেষ্টায় সফটওয়্যার ত্রুটি সমাধান করে বিমানটিকে পুরোপুরি উড্ডয়ন উপযোগী ঘোষণা করার পর পুনরায় বোর্ডিং সম্পন্ন হয়। এরপর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি নারিতা থেকে ঢাকার উদ্দেশে ডানা মেলে।























