দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তার দাবি যৌক্তিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে খুব শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক বৈঠকে এসব বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। এছাড়া আরও বক্তব্য রাখেন ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সম্পাদকরা।
সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে বলে তিনি মনে করেন। দলটির সাংগঠনিক তৎপরতা নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অন্যদিকে মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড করছে।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যম প্রতিনিধিদের কথা শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলোর পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া সরকারের নিয়মিত কাজের অংশ।


























