সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না, তাই এ নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। তিনি বলেন, ভারতে বসে দেশকে অশান্ত করার জন্য নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে রাজবাড়ীতে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার অনুযায়ী রাজবাড়ীতে পদ্মা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু ও নতুন উপজেলা গঠনসহ ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী চার বছরে রাজবাড়ীতে অভূতপূর্ব উন্নয়ন করে দেখানো হবে।
এর আগে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শহরের পান্না চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারীর সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
























