ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম মানেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বাড়তি আগ্রহ। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের নাম থাকলে আলোচনার মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। গত আসরে রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েও শেষ পর্যন্ত খেলতে পারেননি বাঁহাতি এই পেসার। এবার আরও এক ধাপ এগিয়ে নিলামের প্রাথমিক তালিকাতেই নেই তার নাম। একইভাবে জায়গা হয়নি সাকিব আল হাসানেরও। তবে দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে ভাগ্য পরীক্ষায় নামছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার!
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ আইপিএলের মিনি নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় রয়েছেন বাংলাদেশের এক ডজন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।
তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ১২ জনের কেউই এখন পর্যন্ত আইপিএলে খেলার অভিজ্ঞতা অর্জন করেননি। এবার নিলামে সুযোগ পেলে বাংলাদেশের নতুন একদল ক্রিকেটারের সামনে খুলে যেতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের দরজা।
সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তালিকায় থাকা বেশ কয়েকজন। রিশাদ হোসেনের লেগ স্পিন ইতিমধ্যে বিপিএল, পাকিস্তান সুপার লিগ ও বিগ ব্যাশে আলোচনায় এসেছে। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও দ্রুত রান তোলার সামর্থ্য রয়েছে এই লেগ স্পিনারের। টি-টোয়েন্টি ক্রিকেটের বৈচিত্র্যময় বোলিং আক্রমণে তাকে বিবেচনায় রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।


























