‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে মনোহরদী উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের সিঙ্গুয়া ও খিরাটি ঘাটে আনুষ্ঠানিকভাবে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।
এর আগে সিঙ্গুয়া ঘাটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় মহাসচিব কৃষিবিদ শাহদাৎ হোসেন বিপ্লব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, আসাদনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, মনোহরদী উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহশিন কবির ও ইউপি সদস্য জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির খাদ্যতালিকায় মাছ একটি অপরিহার্য উপাদান। দেশে মাছের উৎপাদন ও আবাদ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্বারোপ করেছেন। সরকারের এই জাতীয় উদ্যোগকে বেগবান করতে এবং দেশের মৎস্যসম্পদকে সমৃদ্ধ করতেই উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণের এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সময় নদীতে অবৈধ জাল বা ফাঁদ পাতা বন্ধ, বিষাক্ত রাসায়নিক প্রয়োগ প্রতিরোধ এবং ছোট পোনা নিধন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
























