বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ঘনিষ্ঠ জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার দিন তাঁরা তুরাগ নদের পাড়ে বসে কথা বলছিলেন। হঠাৎ কিছু লোক তাঁদের ধাওয়া করলে তাহসিফ প্রাণ বাঁচাতে নদে ঝাঁপ দেন এবং তিনি নিজে দৌড়ে পালিয়ে যান।
পিবিআই সূত্রে জানা গেছে, তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকাটি চিহ্নিত মাদক স্পট। ধারণা করা হচ্ছে, মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ পানিতে ডুবে গিয়ে থাকতে পারেন। দীপের দেওয়া জবানবন্দিসহ প্রাপ্ত তথ্যগুলো নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে।
এদিকে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে কে এম তাহসিফ সাউরির ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে পরিত্যক্ত অবস্থায় সেটি পাওয়া যায়।
পিবিআই কর্মকর্তারা জানান, সাবেক এই সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় নৌ পুলিশ মূল তদন্ত করছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ঘটনা হওয়ায় পিবিআই ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রাপ্ত সমস্ত তথ্য-প্রমাণ নৌ পুলিশের তদন্ত দলের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সে সময় তাঁর পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করা হয়।

























