আগামী ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে মিড-ডে মিল কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা বলেন, বিদ্যালয়ে দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক স্তরের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। বর্তমানে দেশের ৫০৩টি উপজেলার মধ্যে ১৫১টিতে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প চার থেকে দশ বছর বয়সী শিশুদের বিদ্যালয়মুখী করতে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখতে যথেষ্ট সাহায্য করছে।
তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই দেশের সবকটি অর্থাৎ ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১০ লাখ শিশু মিড-ডে মিলের সুবিধা পাবে। চলমান কার্যক্রমের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে মায়েদের সম্পৃক্ত করে খাবারের গুণগত মান নিয়মিত তদারকি করা প্রয়োজন। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার লক্ষ্যে রান্নার প্রতিযোগিতাও আয়োজন করা যেতে পারে। প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধন প্রণালী, সহজলভ্য স্থানীয় ও পুষ্টিকর উপকরণের ব্যবহার নিশ্চিত করতে পারলে তা শিশুদের পুষ্টিহীনতা দূর করতে বহুলাংশে সাহায্য করবে।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের এই কৃষিপ্রধান দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নশীল ও আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি। এর অংশ হিসেবে উন্নত ফসলের চাষাবাদ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ সোনালী ধান, পুষ্টির ঘাটতি দূরীকরণে রোগপ্রতিরোধী আলু চাষ এবং কীটনাশক কমাতে পোকা দমনে সহায়ক বিশেষ বেগুন চাষের প্রসার ঘটাতে হবে। এছাড়া আধুনিক সেচ ও কৃষি অবকাঠামো উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমিকে আবাদী জমিতে রূপান্তর করার ওপর জোর দেন তিনি। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।





















