প্রেম, বিরহ এবং দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকে উদযাপন করতে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নজরুল উৎসব’। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানটি চলছে গুলশান সোসাইটি লেক পার্কে। উদ্বোধনী দিনে শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ২৫টি গান পরিবেশন করা হয়। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় শুরু হবে উৎসবের দ্বিতীয় ও শেষ পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় দিনেও সমপরিমাণ গান পরিবেশিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনের এই উৎসবে দেশের স্বনামধন্য নজরুলসংগীত শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীরাও সংগীত পরিবেশন করছেন। উদ্বোধনী বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ, সাম্য ও মানবতার প্রতীক এবং অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক চিরজাগ্রত প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর রচনা আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে, মানুষকে ভালোবাসতে এবং সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষের অংশ হিসেবে গুলশান সোসাইটি ও বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশে মুক্তবুদ্ধি, সৃজনশীলতা ও সংস্কৃতিচর্চা দীর্ঘদিন ধরে প্রতিকূলতার সম্মুখীন হলেও একটি জাতির প্রকৃত স্বাধীনতা নিহিত রয়েছে তার নিজস্ব ভাষা, সাহিত্য, সংগীত, ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তচিন্তার অধিকার রক্ষার মধ্যে। ‘একই অপরূপ রূপে’-সমবেত গানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সংগীত পর্বের সূচনা হয়। এর পরে একে একে নজরুলের জনপ্রিয় সব গান পরিবেশন করেন ফারাহ দিবা খান লাবন্য, করিম হাসান খান, নাসিমা শাহীন ফ্যান্সী, মৈত্রেয়ী ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, রেজাউল করিম, ওয়ারদা রিহাব, আফসানা রুনা, আফজাল হোসেন, মাহমুদুল হাসান, শাহীন সামাদ, সুমন মজুমদার, মৃদুলা সমাদ্দার, ইয়াকুব আলী খানসহ আরও অনেকে।






















