বাংলাদেশকে আর অনুসরণকারী জাতি হিসেবে দেখতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাকে দেখে অন্যরা পথ অনুসরণ করবে। আর এ লক্ষ্য অর্জনে তরুণদের সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের কেন্দ্রীয় ও হল প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের উপস্থিতির জন্য তিনি কৃতজ্ঞতা জানান। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতা, শ্রমিক, মেহনতি মানুষ, পেশাজীবী, শিক্ষক এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছিলেন। তার ভাষায়, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন দেশকে অধীনস্থ জাতিতে পরিণত করার আয়োজন করেছিল। ছাত্র-জনতা সেই শৃঙ্খল ভেঙে দিয়েছে।
তিনি বলেন, আন্দোলন শুরু হয়েছিল শিক্ষার্থীদের মেধার স্বীকৃতির দাবিতে। মেধাকে অবমূল্যায়ন করে দলীয়তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর হামলা এবং পরদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ আন্দোলনে নতুন গতি তৈরি করে। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের মানুষ রাজপথে নেমে আসে। জামায়াতের ওপর দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ১ আগস্ট দলটিকে নিষিদ্ধ করার আয়োজন করা হয়েছিল। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে ছাত্রসমাজের পাশে দাঁড়ানো এবং আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ৫ আগস্টের পর ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও বিশ্ববিদ্যালয়গুলোর অস্বাস্থ্যকর পরিবেশ, সহিংসতা ও শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার স্মৃতি ভুলে যাওয়ার নয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন, ৫ আগস্টের পর অনেকে নিজেদের অবস্থান বদলে ফেলেছেন। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা ও দখলবাজি বেড়েছে। তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও বহু মানুষকে পঙ্গু করার জন্য দায়ী ফ্যাসিবাদী শক্তির কিছু ব্যক্তিকে অর্থ, স্বার্থ ও ভোটের বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। জামায়াতসহ দলগুলো উভয় প্রক্রিয়া মেনে নির্বাচনে অংশ নিলেও একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গণভোটের বিষয়টি অস্বীকার করেছে। এ থেকেই সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, রাজনৈতিক সংকট ও ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টায় তাদের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে।

























