মাদক শহর থেকে গ্রাম, স্কুল থেকে পাড়া-মহল্লা—সর্বত্র ক্যানসারের মতো ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এর হাত ধরেই সমাজে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এই গভীর সংকট থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে তিনি এই কঠোর কথা বলেন।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে দেশের তরুণদের মার্শাল আর্ট ও খেলাধুলার সঙ্গে যুক্ত করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানী থেকে শুরু করে গ্রাম ও প্রান্তিক পর্যায় পর্যন্ত মার্শাল আর্টের বিস্তার ঘটানো হবে এবং প্রতি সপ্তাহে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মাদকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে তিনি জানান, এই সামাজিক কার্যক্রমের অংশ হিসেবেই তিনি মার্শাল আর্ট কনফেডারেশনের দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন কমিটির মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
নতুন কমিটির তিনটি প্রধান লক্ষ্য তুলে ধরে ইশরাক হোসেন বলেন, প্রথমত, অলিম্পিকে অন্তর্ভুক্ত ছয়টি মার্শাল আর্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে। যারা অলিম্পিক, এশিয়ান গেমস ও সাউথ এশিয়ান গেমসের মতো আসরে দেশের লাল-সবুজ পতাকা উড্ডীন করবেন।
তিনি আরও উল্লেখ করেন, মার্শাল আর্টকে গ্রামীণ ও প্রান্তিক পর্যায় এবং স্কুলের গণ্ডিতে ছড়িয়ে দিতে বছরব্যাপী বহুমুখী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ডব্লিউডব্লিউই রেসলিংয়ের মতো স্থানীয় পর্যায়ে মার্শাল আর্ট প্রতিযোগিতার একটি জনপ্রিয় ব্র্যান্ড গড়ে তোলার কথাও জানান তিনি।
নতুন এই দায়িত্ব অর্জনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইশরাক হোসেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।























