দেশের ব্যাংকগুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন ‘পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’ (প্র্যাব)-এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক প্রীতি সম্মেলনে সংগঠনের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১১ সালে ব্যাংক খাতের ব্র্যান্ড ও কমিউনিকেশন কর্মকর্তাদের নিয়ে গঠিত প্র্যাব প্রতি দুই বছর মেয়াদে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের শীর্ষ কর্মকর্তারা এ সংগঠনে প্রতিনিধিত্ব করেন।
কমিটি ঘোষণার বিষয়ে মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হবে। উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।


























