হালুয়াঘাট সীমান্তে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।
বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় ইমেক্স হোটেলে ভারতীয় কয়লা রপ্তানিকারক এবং স্থানীয় কয়লা আমদানিকারকদের মধ্যকার এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশি আমদানিকারকদের পক্ষে নেতৃত্ব দেন হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি এমরান সালেহ প্রিন্স এবং ভারতীয় রপ্তানিকারকদের পক্ষে নেতৃত্ব দেন এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিজয় সিং দোসি।
সভায় কয়লা আমদানি-রপ্তানিতে জটিলতা নিরসন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট সীমান্ত বাণিজ্যের অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানকার কয়লা আমদানি-রপ্তানির সঙ্গে স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং বহু মানুষের কর্মসংস্থান জড়িত। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ীদের মাঝে নিয়মিত যোগাযোগ ও আস্থা বৃদ্ধি জরুরি।
তিনি আরও যোগ করেন, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ও গতিশীল হলে ব্যবসায়ী ছাড়াও পরিবহন শ্রমিক, দিনমজুরসহ সাধারণ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। তাই বিদ্যমান সমস্যাগুলোর যৌক্তিক সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অশোক কুমার সরকার, সহসভাপতি জয়নাল আবেদীন, চন্দন কুমার ঘোষ, খালিদ ইকবাল নিটল, স্টিফেন স্ট্যান্টন রংদি, ভারতীয় প্রতিনিধি দলের সদস্য জর্জ এস. মারাক, প্রভাস রিছিল মারাক, দীপক চক্রবর্তীসহ দুই দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

























