দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
শুক্রবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত থাকবে।
বাজুসের নির্দেশনায় আরও বলা হয়েছে, সোনার অলঙ্কার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে এবং কোনোভাবেই গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি গ্রাহক পুরনো অলঙ্কার পরিবর্তন (এক্সচেঞ্জ) করতে চাইলে ১২ শতাংশ এবং বিক্রি (পারচেজ) করতে চাইলে ১৮ শতাংশ মূল্য কর্তন করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য বহাল থাকবে।


























