প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানবিকতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেতনাই হবে প্রধান পরিচয়। গতকাল রবিবার রাজধানীর মহাখালীর কড়াইলে বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীনদের বাসার চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জুবাইদা রহমান সাতটি পরিবারের হাতে নতুন বাসার চাবি তুলে দেন। এ সময় সম্প্রতি অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। স্থানীয়দের উদ্দেশ করে তিনি বলেন, ‘আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
শাহরিয়ারের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘শাহরিয়ারের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাঁকে আমাদের হারাতে হয়েছে। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই দোয়া করছি।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণ নিহত হন। ওই আগুনে সাত-আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কড়াইল বস্তির বাসিন্দারা।





















