দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল কিনে কর্মস্থলে ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। স্বজনরা জানান, ২০২৩ সালে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন এবং সেখানে ফুফাতো ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করতেন। শনিবার সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও বয়োবৃদ্ধ মা রেখে গেছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা নিহতের নিথর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং মরদেহ দেশে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সব সহায়তার ব্যবস্থা করা হবে।


























