বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে ‘প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা (প্রবাস)’। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন শেষে সংগঠনটির পক্ষ থেকে এ স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে প্রবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা জোরদার করা, নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং বিপদগ্রস্তদের সহায়তায় সমন্বিত উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়। মানববন্ধনে প্রবাসের আহ্বায়ক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা মনন বলেন, প্রবাসে বিচারাধীন প্রতিটি বাংলাদেশি যেন ন্যায়বিচার পান, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।
সংগঠনের সদস্য সচিব আনন্দ কুটুম জানান, নির্যাতনের মুখে গত নয় মাসে সৌদি আরব থেকে ৯৮০ জন নারী কর্মী দেশে ফিরেছেন, যাদের মধ্যে অনেকেই ছিলেন অন্তঃসত্ত্বা। ভুক্তভোগীদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, শিশুদের স্বীকৃতি এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানান তিনি। মানববন্ধনে অন্য বক্তাদের মধ্যে ড. তৃণা ইসলাম ও হাসনাত কাদীর প্রবাসীদের অধিকার ও কনস্যুলার সেবা বৃদ্ধির তাগিদ দেন। সংস্থাটি জানিয়েছে, পর্যায়ক্রমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়েও একই স্মারকলিপি জমা দেওয়া হবে।

























