পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। হংকং সফরকালে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ এবং রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দূষণ রোধ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির সার্বিক প্রসারে প্রকৃতিনির্ভর সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে দেশব্যাপী তিন কোটি ৫৪ লাখের বেশি বৃক্ষরোপণ করা হয়েছে এবং সেগুলোর সুরক্ষা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে পাহাড় কাটা ও বনভূমি দখল রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নদীদূষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে হওয়া দূষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি মোংলা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের প্রসার ও রেমিট্যান্স বৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়ার কথা তুলে ধরেন।

























