দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার দীর্ঘ ছুটি শেষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় পুরোদমে পাঠদান শুরু হয়েছে। টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে শিক্ষাঙ্গনগুলো।
তবে বিদ্যালয় ও মাদরাসা খুললেও সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি অব্যাহত রয়েছে। সেখানে আগামী ১ নভেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
নির্ধারিত বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ছুটি আগেই শুরু হয়। মাঝে ২২ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী সাপ্তাহিক ছুটি এবং লক্ষ্মীপূজার কারণে বন্ধের মেয়াদ টানা ১০ দিনে দাঁড়ায়। ফলে দীর্ঘ অবকাশ কাটিয়ে আজ শ্রেণিকক্ষে ফিরল শিক্ষার্থীরা।
অন্যদিকে, কলেজগুলোতে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ঘোষিত ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ১ নভেম্বর রবিবার থেকে কলেজগুলোতে পুরোদমে ক্লাস কার্যক্রম শুরু হবে।


























