সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাবেক (বরখাস্ত) সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ও অভিনেত্রী রোকেয়া প্রাচী জড়িত বলে উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে জানিয়েছে প্রসিকিউশন। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সাগর-রুনি হত্যা মামলায় ট্রাইব্যুনাল থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। ফলে তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে তদন্ত কাজ সম্পন্ন করতে আরও সময় আবেদন করেছে বিশেষ এই তদন্ত দল। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আদেশের কথা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত থেকে র্যাবকে অব্যাহতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কয়েক দফায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
























