বিএনপি সব সময় জনগণের প্রত্যক্ষ ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার ও স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই দলটির রাজনৈতিক দর্শন পরিচালিত হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি কখনোই বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখে না। জনগণের পূর্ণ সমর্থন ও ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় দলটি। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার জনগণের কল্যাণ ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের ক্ষেত্রেও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে এবং কোনো ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হচ্ছে না।
সাম্প্রতিক উপনির্বাচনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ রাজনৈতিক চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছে। তিনি যোগ করেন, সরকারের কোনো ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাটের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে দুঃখ প্রকাশ করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির রাজনৈতিক সততা ও অন্যান্য দলের সঙ্গে মূল পার্থক্য।
তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে দলটির প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। দিনব্যাপী এই অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডেঙ্গু সচেতনতা, স্ক্রিনিং ছাড়াও শিশুস্বাস্থ্য, চর্মরোগ ও পরিবার পরিকল্পনাসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে বিনামূল্যে সেবা দেওয়া হয়।
























