ঢাকা থেকে খুলনাগামী লংমার্চে গোপালগঞ্জে কোনো পথসভা না করার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দলটির এ ধরনের সিদ্ধান্তকে স্পষ্ট রাজনৈতিক অপরিপক্বতা বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাশেদ খান উল্লেখ করেন, জামায়াতে ইসলামী সারা দেশে পথসভা করার ঘোষণা দিয়েও কৌশলগত কারণে গোপালগঞ্জকে এড়িয়ে গেছে এবং এ নিয়ে সংবাদ সম্মেলনও করেছে। তাদের এমন সিদ্ধান্ত দলটির রাজনৈতিক সাহসিকতার ঘাটতি এবং ঝুঁকিমুক্ত রাজনীতির প্রবণতাকে স্পষ্ট করে তোলে।
তিনি আরও দাবি করেন, জামায়াত নিজেদের একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইলেও বাস্তবিক অর্থে কোনো ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত নয়। তাদের এই অবস্থান জনআকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত বলেও তিনি পোস্টে অভিযোগ করেন।
























