চাঁদপুরের বিখ্যাত বড় স্টেশন মাছ বাজারে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে পচা ইলিশ সংরক্ষণ করায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মো. নজরুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং জব্দকৃত পচা ইলিশগুলো বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, ক্ষতিকর বা পচা মাছ বিক্রি না করা এবং ওজনে কারচুপি না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তা সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য মো. বিপ্লব সরকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদারসহ চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে বাজার মনিটরিংয়ের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।


























