লালমনিরহাটের কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলি ট্রাক্টরের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তহিদুল ইসলাম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মুন্সিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহিদুল ইসলাম লতাবর আদর্শপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আহত দুজন হলেন একই এলাকার হযরত আলী (২০) ও আমির হোসেন (২০)। আহতদের মধ্যে হযরত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুর মাওলা জানান, মোটরসাইকেলের গতি অতিরিক্ত ছিল এবং সড়কের ট্রলিটিতে কোনো সতর্কসংকেত ছিল না। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


























