তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার দুপুরে উপজেলার পলাশবাড়ী চৌমাথায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
সমাবেশ থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ, গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। এতে বক্তব্য দেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আজম ও অধ্যক্ষ মকবুল হোসেনসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে এই আন্দোলনকে দমন করতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কোনো চাপ বা হয়রানিতে পিছু না হটে ঘোষিত কর্মসূচি সফল করতে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।


























