গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় আবারও সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার ভোর ৫টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক।
কারখানা সূত্রে জানা যায়, দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতাসম্পন্ন এই কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের সেপ্টেম্বরে পুনরায় চালু হয়েছিল। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকবার উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হয়। সর্বশেষ গত ২৩ অক্টোবর উৎপাদনে ফেরার মাত্র দুই দিনের মাথায় গ্যাস সংকটের কারণে আবার বন্ধ হয়ে যায় কারখানাটি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই কারখানায় গ্যাস সরবরাহ করে থাকে।
কারখানার উৎপাদন বিভাগের প্রধান জানান, নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত গ্যাসের চাপের প্রয়োজন হয়। তবে চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকায় বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় সার উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























