বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে রাখা বাবাকে পরম স্নেহে চা-রুটি খাইয়ে দেওয়া সেই ৯ বছরের শিশুটির পড়াশোনার পুরো দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাদকাসক্ত বাবাকে নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্পর্শকাতর ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় চুরির অভিযোগে স্থানীয়দের হাতে খুঁটিতে বাঁধা এক বাবাকে তার কোমলমতি শিশুকন্যা দরদ দিয়ে চা-রুটি খাওয়াচ্ছে এবং ব্যথায় হাত বুলে দিচ্ছে। হৃদয়বিদারক এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয় এবং বিষয়টি প্রশাসনের নজরে আসে।
বিষয়টি জানতে পেরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা তাৎক্ষণিকভাবে ওই পরিবারের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা তুলে দেন। পরবর্তীতে তিনি ওই শিশুর মাদকাসক্ত বাবা অনিককে সুস্থ ধারায় ফেরাতে বামরাইল এলাকার নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে নিরাময় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় এবং তার শিক্ষার অধিকার নিশ্চিত করতে যাবতীয় খরচ বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর প্রশাসনের এমন সহানুভূতিশীল ও বাস্তবমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


























