ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে পরিবেশের ক্ষতি ও আইন অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অভিযানের অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টিতে বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ড্রেন ও আশপাশের জলাশয়ে লার্ভিসাইড স্প্রে এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। সেই সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও আবাসিক এলাকার আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযান চলাকালে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেকের নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


























