বরগুনার পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশ পরিচালিত এক বিশেষ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে নিয়মিত পুলিশি তৎপরতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম মনি এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করার জোর নির্দেশনা দেন। এরপরই পুলিশি অভিযান জোরদার করা হয়।
অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আলীম জানান, চিফ হুইপ ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনার আলোকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ দমনে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























