নতুন ধানের ঘ্রাণ ও লোকজ সংস্কৃতির আমেজ নিয়ে রাজধানীর উত্তরায় সেন্টারপয়েন্টে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী উৎসব ‘নবান্নের গল্প’। শুক্রবার ও শনিবার আয়োজিত এই উৎসবে নগরবাসী গ্রামবাংলার ঐতিহ্যবাহী কারুশিল্প, পিঠাপুলি ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ পেয়েছেন।
উৎসবের প্রথম দিন থেকেই দর্শনার্থীদের নজর কেড়েছে তাঁত বোনা, বাঁশ-বেতের কারুশিল্প ও নকশিকাঁথার প্রদর্শনী। কারুশিল্পীদের হাতের কাজ দেখার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ঘুড়ি তৈরি ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ছিল বাড়তি আকর্ষণ। গ্রামীণ কুঁড়েঘরের আদলে সাজানো স্টলগুলোতে ছিল নানা স্বাদের দেশীয় পিঠার পসরা, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সেন্টারপয়েন্টের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ ঐতিহ্যকে তুলে ধরা। সংস্কৃতি ও সামাজিক মেলবন্ধনকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব নগরজীবনের ব্যস্ততার মাঝে পরিবার ও প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর এক চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে।


























