ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে ই-সিগারেট বা ভেপ পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় সংস্থা ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল (এমইউআই) ভেপের ব্যবহার, উৎপাদন ও বাণিজ্যকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারির পরপরই সরকার এ কঠোর পদক্ষেপের দিকে এগোচ্ছে।
গত ৬ নভেম্বর এমইউআই তাদের ফতোয়ায় জানায়, ভেপের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া মাদকদ্রব্য ও অন্যান্য আসক্তিকর উপাদান গ্রহণের মাধ্যম হিসেবে এর অপব্যবহারের ঝুঁকি রয়েছে। ১১ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এই ফতোয়াকে স্বাগত জানিয়ে জানায়, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভেপ নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজি মুহাওয়ারমান জানিয়েছেন, এমইউআই-এর ফতোয়া জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের বর্তমান প্রচেষ্টাকে আরও বেগবান করেছে। বর্তমানে দেশটিতে ২১ বছরের কম বয়সীদের জন্য ভেপ কেনা নিষিদ্ধ থাকলেও নতুন আইনের মাধ্যমে এর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে।


























