ছোটবেলা থেকে গান নিয়েই ছিল তার স্বপ্ন। শৈশবে অডিশন দিয়েছিলেন ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ। কিন্তু অডিশনেই বাদ পড়েন বিশাল মিশ্র। তার গায়কী পছন্দ হয়নি সে সময়ের বিচারকদের। এরপর ২০১২ সালে অডিশনে টিকলেও মূল পর্বে আসার আগেই বাদ পড়েন তিনি।
এরকম আরও ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে তাকে। একবার তো হতাশায় এমনও মনে হয়েছিল, গান ছেড়ে দেবেন। পরে আবার ধৈর্য ধরেন, চেষ্টা চালিয়ে যান। ব্যর্থতার সেই অতীত পেছনে ফেলে এখন তিনি বলিউডের অত্যন্ত জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। এখন গান এবং কনসার্টের জন্য কোটি কোটি টাকা সম্মানী নেন বিশাল মিশ্র।
দিন ঘুরতে বেশি সময় লাগেনি বিশালের। এখন তার সম্পদের পরিমাণও কম নয়। সম্প্রতি মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে একসঙ্গে চারটি অ্যাপার্টমেন্ট কিনেছেন বিশাল। যেগুলোর সমন্বিত দাম ২২ কোটি ২৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৯ কোটি টাকারও বেশি।
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, ২৬ অক্টোবর এই সম্পদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। চারটি অ্যাপার্টমেন্ট মিলিয়ে এর আয়তন ৫ হাজার ১৯৭১ ফুট। একটি আবাসিক ভবনের দুটি ফ্লোর মিলিয়ে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে।
যদিও বিশাল মিশ্রর মোট সম্পদের পরিমাণ কত, তা সেভাবে উঠে আসেনি কোথাও। তবে নতুন এই সংযোজনে এটুকু স্পষ্ট, গানের পথেই তার লক্ষ্মীলাভ ঘটছে। প্রায় এক যুগ আগেই গান শুরু করেছিলেন বিশাল। তবে খ্যাতি পেতে লেগেছে লম্বা সময়। সালমান খানের ‘রেস ৩’ সিনেমার সংগীত পরিচালনা করে আলোচনায় আসেন। আর গায়ক হিসেবে তিনি জনপ্রিয়তা পান ‘কবির সিং’ (২০১৯) সিনেমার ‘ক্যায়সে হুয়া’ দিয়ে। এরপর থেকে চুটিয়ে গান করে যাচ্ছে বিশাল। কেবল এবছরেই তিনি এক ডজন সিনেমায় গান করেছেন। সর্বশেষ তার গান এসেছে ‘দ্য বন’ সিনেমায়, যেটা মুক্তি পেল ২৫ সেপ্টেম্বর।

























