অভিজ্ঞ অলরাউন্ডার, গতিময় পেসার ও আক্রমণাত্মক ব্যাটার—এই তিন শক্তির মিশেলে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। ড্রাফট থেকে সাকিব আল হাসান, নাহিদ রানা ও শামীম হোসেন পাটোয়ারীকে দলে ভিড়িয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি।
দুবাইয়ে অনুষ্ঠিত খেলোয়াড় ড্রাফটের শুরুতেই ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে দলে টানে নাঙ্গাহার কসমিক। একই ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে বেছে নেয় টিম পাকতিয়া। এই দুই ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার মার্কিন ডলার।
এরপর বাংলাদেশের তৃতীয় প্রতিনিধি হিসেবে কাবুল দলে টানে শামীম হোসেন পাটোয়ারীকে। সাকিবের অভিজ্ঞতা, নাহিদের গতি এবং শামীমের আগ্রাসী ব্যাটিং দলগুলোর জন্য বড় শক্তি হতে পারে।
এবারের আসরে বাংলাদেশের ৩০ জন ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছিলেন। আগামী ২৭ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট।


























