দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ওমানের অন্যতম এয়ারলাইন্স সালামএয়ারের মাস্কাট-সিলেট ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে এই নতুন অধ্যায়ের সূচনা হয়।
সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যাত্রীদের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে একই উড়োজাহাজ মাস্কাটের উদ্দেশে সিলেট ত্যাগ করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে বিমানবন্দরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সালামএয়ার। ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এই মুহূর্তটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর ইতিহাস অবশ্য পুরোনো। ২০১৫ সালের ১ এপ্রিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছিল। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে এই রুটে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে কোনো বিদেশি এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি, যা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে এর পরিচিতি সত্ত্বেও এক ধরনের শূন্যতা তৈরি করেছিল।
সালামএয়ারের ফ্লাইট চালুর ফলে সেই শূন্যতা পূরণ হলো। মাস্কাটের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হওয়ায় সিলেটের যাত্রীরা ওমানসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ গন্তব্যে আরও সহজে যাতায়াত করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সালামএয়ারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাস থেকে এই সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের প্রতিদিনই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।


























