রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিদেশি যাত্রীর জিনসের প্যান্ট ও অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকানো প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ১২ কেজি ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক দুজনই চীনের নাগরিক।
বুধবার রাত ১০টার দিকে ঢাকা কাস্টমস হাউসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক যাত্রীরা হলেন চেন লিইউন ও মো জিয়াওইউ।
কাস্টমস সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৬ ফ্লাইটে আসা নির্দিষ্ট যাত্রীদের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়।
পরে সন্দেহভাজন দুই চীনা যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এর কাছে পৌঁছালে তাদের আটক করে কাস্টমস কর্মকর্তারা। তল্লাশির একপর্যায়ে তাদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসে কাপড়ের ভেতর সেলাই করে লুকিয়ে রাখা নরম পেস্ট সদৃশ সোনা উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় উদ্ধারকৃত সোনা ২৪ ক্যারেটের বিশুদ্ধ বলে নিশ্চিত হওয়া গেছে।
আটক স্বর্ণ জব্দ করার পাশাপাশি অভিযুক্ত দুই চীনা যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং দেশের প্রচলিত ফৌজদারি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

























