প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে দেশের দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে টোকিওতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
স্বাক্ষরিত চুক্তিগুলোর আওতায় বাংলাদেশের সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে একটি টহল জাহাজ সরবরাহের জন্য প্রায় ২ দশমিক ১২ বিলিয়ন জাপানি ইয়েন (১৩ দশমিক ৪৪ মিলিয়ন ডলার) অনুদান দেবে জাপান। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পৃথক সহযোগিতা স্মারক ও আগ্রহপত্র সই হয়েছে।
পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন প্রকল্পে ১৫ দশমিক ৮৮ বিলিয়ন ইয়েন এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩০ দশমিক ৬৮ বিলিয়ন ইয়েন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টোকিও। চার দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ বৈঠক করেন।





















