ইরান-ইসরাইল যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে নিজেদের নাগরিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তেহরানে নতুন বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ এই তথ্য নিশ্চিত করেছে।
কুয়েতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত চুং বিয়ুং-হাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করা হয়েছে এবং তিনি খুব দ্রুতই তেহরানের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। বিশেষ দূত হিসেবে চুং বিয়ুং-হার প্রধান দায়িত্ব হবে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দক্ষিণ কোরীয় জাহাজগুলোর নিরাপদ চলাচল এবং সেখানে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর বিষয়ে তিনি সমন্বয় করবেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে গত বৃহস্পতিবার এক ফোনালাপ অনুষ্ঠিত হওয়ার একদিন পরই শুক্রবার নতুন এই বিশেষ দূতের নাম ঘোষণা করল সিউল।
বর্তমানে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২৬টি বাণিজ্যিক জাহাজ বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথে আটকা পড়েছে। এই জাহাজগুলোকে মুক্ত করা এবং নিরাপদে ফিরিয়ে আনাই হবে নতুন দূতের অন্যতম বড় চ্যালেঞ্জ। হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, যা বর্তমানে যুদ্ধের কারণে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 



















