লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিনত জুবাইল শহরটি ঘিরে ফেলার প্রচেষ্টা চালাচ্ছে তারা। তবে এর বিপরীতে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর ওপর অন্তত ৫০টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
দীর্ঘদিন ধরে বিনত জুবাইল শহরটি দখলের জন্য এর চারপাশের পাহাড়ি এলাকা ও গ্রামগুলোতে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল ইসরাইলি সেনারা। সর্বশেষ খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী শহরটির উপকণ্ঠে প্রবেশের চেষ্টা চালায়।
হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিনত জুবাইলের প্রবেশমুখে থাকা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা দফায় দফায় হামলা চালিয়েছে এবং শহর দখলের ইসরাইলি আগ্রাসন রুখে দেওয়ার দাবি করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, গত এক দিনে তারা মোট ৫০টির বেশি সামরিক অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে একটি বড় অংশ ছিল ইসরাইলের অভ্যন্তরে সীমান্ত পেরিয়ে চালানো হামলা।
উল্লেখ্য, গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আঞ্চলিক যুদ্ধবিরতি চুক্তির খবর আসার পর হিজবুল্লাহ সাময়িকভাবে ইসরাইলে রকেট হামলা কমিয়ে দিয়েছিল, কারণ তারা ভেবেছিল এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ইসরাইল হামলা বন্ধ না করার সিদ্ধান্ত নিলে হিজবুল্লাহ তাদের প্রতিরোধ আবার পূর্ণ শক্তিতে শুরু করেছে।
সামরিক বিশ্লেষকদের মতে, বিনত জুবাইল শহরটি হিজবুল্লাহর জন্য একটি শক্ত ঘাঁটি এবং প্রতীকী মর্যাদার স্থান। এই শহরের নিয়ন্ত্রণ নিতে পারলে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে সুবিধাজনক অবস্থানে চলে আসবে। ফলে এই এলাকাকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে লড়াই আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















