ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সংকট এখনো কাটেনি। এই প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বাজার পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্যমতে, যুদ্ধবিরতির পরও এই পথে জাহাজ চলাচলের সংখ্যা অত্যন্ত নগণ্য।
লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের প্রতিবেদন অনুযায়ী, প্রণালিতে চলমান অবরোধের কারণে পারস্য উপসাগরে ৬০০টিরও বেশি জাহাজ আটকা পড়ে আছে, যার মধ্যে ৩২৫টিই বিশালাকার তেলবাহী ট্যাংকার। বুধবার মাত্র পাঁচটি জাহাজ এই পথ অতিক্রম করেছে, যা আগের দিনের তুলনায় অর্ধেকেরও কম। বৃহস্পতিবারও এই সংখ্যা সামান্য বেড়ে সাতে দাঁড়িয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী উত্তেজনার ফলে জাহাজ মালিকরা এই রুট ব্যবহারে এখনো ভরসা পাচ্ছেন না। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার এক-পঞ্চমাংশ জ্বালানি তেল সরবরাহ হয়। ফলে এখানে অচলাবস্থা দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















