ভারতের আসাম ও কেরালা রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একই দিনে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ভোট গ্রহণ করা হয়। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই অঞ্চলগুলোতে মোট ভোটারের সংখ্যা প্রায় ১৭ কোটি ৪০ লাখ, যা দেশটির মোট ভোটারের প্রায় ১৮ শতাংশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার আসামের ১২৬টি, কেরালার ১৪০টি এবং পুদুচেরির ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচটি রাজ্য ও অঞ্চলের এই বিশাল নির্বাচনী মহাযজ্ঞের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দলগুলোর জন্য একটি বড় পরীক্ষা। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব ভারতে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া বিজেপি। অন্যদিকে, কংগ্রেসসহ আঞ্চলিক দলগুলোর কাছে এটি অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখা দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ নানা বিতর্কের মধ্যেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রিপোর্টারের নাম 



















