ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোতে জড়িত থাকার সন্দেহে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সদস্য।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।
তিনি পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, ককটেল বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনার সঙ্গেই ওই ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে, কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল এবং ক্যাথলিকদের দ্বারা পরিচালিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে যে হামলার ঘটনা ঘটেছিল, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথভাবে পুরো রাজধানীজুড়ে অভিযান জোরদার করেছে, যাতে এসব হামলায় জড়িত সব অপরাধীকে গ্রেফতার করা যায়। এরই মধ্যে রাজধানীর সব চার্চসহ দেশের সব ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সহাবস্থান নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সরকার জাতির আন্তঃধর্মীয় ঐক্য ও শান্তি রক্ষা করার বিষয়ে তাদের অটল প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 





















