ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন আদালত। এই মামলায় মোট ২৯ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা করেন আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিন উর রহমান।
তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হওয়ার পর, আইন অনুযায়ী আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদক-এর পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।
এর আগে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ মোট আট জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন।
পরে তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
শেখ হাসিনা ছাড়াও এই মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য শফি উল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
রিপোর্টারের নাম 





















