ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভায় দীর্ঘ বছর ধরে কোনো নির্দিষ্ট ও পরিকল্পিত ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ২০০১ সালে পৌরসভা গঠিত হলেও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লাগেনি। ফলে প্রতিদিনের বাসাবাড়ি ও বাজারের বর্জ্য যত্রতত্রভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হচ্ছে বিভিন্ন সড়ক ও খোলা জায়গায়, যা শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি পরিবেশকে দূষিত করছে এবং পৌরবাসীকে চরম দুর্ভোগে ফেলেছে।
পৌরসভা কর্তৃপক্ষ সরকারি খাস জমির গর্তে বর্জ্য ফেলার কথা বললেও, সরেজমিনে দেখা গেছে চান্দের বাজার খাল পাড় এলাকার নূরে হেরা হাফিজিয়া মাদ্রাসার পাশে একটি খাস জমিকে অস্থায়ী ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই গর্তটির চারপাশজুড়ে ঘনবসতিপূর্ণ বাড়িঘর থাকায় এলাকার মানুষ প্রতিদিনই দূষিত পরিবেশের সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বারবার আপত্তি জানানো সত্ত্বেও পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিম বাজারের প্রায় সব জায়গায় ময়লা স্তূপ করে রাখা হয়েছে, যার ফলে অসহনীয় দুর্গন্ধ, মাছির উপদ্রব এবং রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে। চান্দের বাজার এলাকার বাসিন্দা আজাফর আলী এবং পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেন জানান, ময়লার দুর্গন্ধে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এবং পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।
রিপোর্টারের নাম 






















