ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৪ ও ঢাকা-৫ সংসদীয় এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করে নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে ডিএসসিসি’র প্রশাসক আব্দুস সালামের সঙ্গে মতবিনিময় করেছেন দুই সংসদ সদস্য। রোববার সকালে ডিএসসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
সভায় দুই এমপি তাদের নিজ নিজ সংসদীয় এলাকার গ্যাস সংকট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের দুরবস্থা, বর্জ্য অব্যবস্থাপনা, নিরাপদ পানির অভাব, মাদক, কিশোরগ্যাং, খেলার মাঠের অভাব এবং জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অব্যবস্থাপনাসহ নানা সমস্যা তুলে ধরেন। তারা জরুরি ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা নিতে ডিএসসিসি প্রশাসকের প্রতি আহ্বান জানান। বিশেষ করে, যাত্রাবাড়ীতে স্থাপিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন মোহাম্মদ কামাল হোসেন এমপি। শহীদ স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় চারপাশে বর্জ্য ফেলা বন্ধ করার অনুরোধও জানান তিনি। ডিএসসিসি’র প্রশাসক আব্দুস সালাম সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন।
রিপোর্টারের নাম 






















