কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মহিলা মাদ্রাসার ১১ বছর বয়সী এক আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক ও প্রতিষ্ঠাতা মাওলানা সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাঁকে আটক করা হয় এবং পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশুটির পরিবার ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বাসিন্দা শিশুটি প্রায় আট মাস আগে ভেড়ামারা শহরের মধ্য বাজার স্বর্ণকার পট্টি এলাকার জামিলাতুন নেছা আদর্শ মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসাটির দ্বিতীয় তলায় আবাসিক ছাত্রী হোস্টেল এবং নিচতলায় সপরিবারে থাকতেন অভিযুক্ত পরিচালক সাইদুর রহমান।
গত রোববার মাদ্রাসার ছুটির দিনে শিশুটির মা তাকে নিতে আসলে বিষয়টি প্রথম জানাজানি হয়। মাদ্রাসার সুপারের স্ত্রী প্রথমে শিশুটির জ্বরের কথা জানান। তবে পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “ভর্তির সময় ৪০-৪৫ জন ছাত্রী ছিল, এখন মাত্র সাতজন আছে। ওরা আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে। আমি এই নরপশুর কঠিন বিচার চাই।” শিশুটির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোরআন শেখার জন্য মেয়েকে মাদ্রাসায় দিয়েছিলাম। এমন সর্বনাশ যেন আর কারো না হয়। এরা পশুর চেয়েও জঘন্য।”
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার পল্লব সাহা জানান, মেয়েটির পরিবার অভিযোগ তুলেছে, সে যৌন নির্যাতনের শিকার হয়েছে। উপজেলার হাসপাতালে এই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত হওয়ায় পরিবার পরিচিত একজন চিকিৎসকের পরামর্শে মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসক জানান, মেয়েটির অক্সিজেনের মাত্রা কম হওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং শ্বাসকষ্ট শুরু হয়েছে। বর্তমানে সে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। এর আগে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, যেখানে কর্তব্যরত চিকিৎসক তার যৌনাঙ্গে অভ্যন্তরীণ আঘাতের কথা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























